প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন লিটন ও খালেক, ‘বঞ্চিত’ আরিফ - Bangla24Press

সদ্যপ্রাপ্ত সংবাদ

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ২৯ মে, ২০১৯

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন লিটন ও খালেক, ‘বঞ্চিত’ আরিফ

ডেস্ক রিপোর্টঃঃ প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন রাজশাহীর সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও খুলনা সিটি করপোরেশনের (খুসিক) মেয়র তালুকদার আবদুল খালেক।
তবে সমপর্যায়ের হলেও সিলেট সিটি করপোরেশন (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে এ মর্যাদা প্রদান করা হয় নি।
মঙ্গলবার (২৮ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক আদেশে রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও খুসিক মেয়র তালুকদার আবদুল খালেককে প্রতিমন্ত্রীর মর্যাদা প্রদান করা হয়।
একই আদেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামকে মন্ত্রীর মর্যাদা দেয়া হয়।
মন্ত্রীর মর্যাদা পাওয়া ডিএনসিসি মেয়র আতিকুল, রাসিক মেয়র লিটন ও খুসিক মেয়র খালেক তিন জনই আওয়ামী লীগের নেতা। তারা তিনজনই সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কা নিয়ে জয়ী হয়েছেন।
অন্যদিকে সিসিক মেয়র আরিফুল হোক চৌধুরী বিএনপি নেতা। তিনি বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জয় লাভ করেন।
এর আগে ২০০১ থেকে ২০১৩ পর্যন্ত টানা দুই মেয়াদে সিলেট সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। মেয়র থাকাকালে প্রতিমন্ত্রীর মর্যাদা পেতেন তিনি। সেসময় তাঁর গাড়িতে জাতীয় পতাকাও শোভা পেত।
তবে ২০১৩ সালে বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী মেয়র নির্বাচিত হওয়ার পর আর প্রতিমন্ত্রীর মর্যাদা পান নি তিনি।
এ ব্যাপারে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য না করে বলেন, এটা সরকারের সিদ্ধান্ত। তারা যা ভালো মনে করেছেন সেটাই করেছেন। এতে আমার কিছুই বলার নেই।
দেশে বর্তমানে ১২টি সিটি করপোরেশনের রয়েছে। মেয়র আনিসুল হক মারা যাওয়ার পর গত ২৮ ফেব্রুয়ারি বিএনপির অংশগ্রহণবিহীন নিরুত্তাপ ডিএনসিসি মেয়র নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলাম। প্রয়াত মেয়র আনিসুল হককেও মন্ত্রীর মর্যাদা দেয়া হয়েছিল।
এর আগে গত বছরের ৩০ জুলাই রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলকে হারিয়ে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী খায়রুজ্জামান লিটন।
অন্যদিকে গত বছরের ১৫ মে খুলনার মেয়র নির্বাচিত হন আরেক আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক।
মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়েছে, স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকাকালীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম মন্ত্রী এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
নির্বাচিত হওয়ার পর সরকার এ মেয়রদের কোনো মর্যাদা নির্ধারণ করেনি। সংশ্লিষ্টরা বলছেন, মেয়রদের পদমর্যাদা ঠিক না হওয়ায় রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে মেয়রদের প্রটোকল নিয়ে সমস্যা হচ্ছে। তারা কোথায় বসবেন তা নির্ধারণ করা যাচ্ছে না।
সিটি করপোরেশন আইনে মেয়রদের পদমর্যাদা নির্ধারণ বিষয়ে কিছু বলা নেই। তাই সরকারগুলো নিজেদের মতো করে পদমর্যাদা নির্ধারণ করে নেয়। বিএনপি আমলেও ঢাকা সিটি করপোরেশনের (অবিভক্ত) মেয়রকে মন্ত্রীর পদমর্যাদা দেয়া হয়েছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here